কমেছে তাপমাত্রা, আরও দুই দিন থাকবে এমন শীত

অনলাইন ডেস্ক।।
তাপমাত্রা কমে গেছে আরও কিছুটা। বেড়ে গেছে শীতের প্রকোপ। বিশেষ করে উত্তরাঞ্চলে উত্তর-পশ্চিমের বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সঙ্গে কুয়াশাও অনেক বেশি। আগামী কয়েকদিন এই অবস্থা বিরাজ করবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী দুই তিন এই তাপমাত্রাই থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে চলতি মাসে খুব বেশি তাপমাত্রা বাড়বে না। শৈত্যপ্রবাহ আর কয়েকদিন থাকবে। এরপর কমে আসবে প্রকোপ। এছাড়া খুব বেশি এলাকায় ছড়াবে না এই প্রবাহ এবার।

রাজশাহী, পাবনা, নওগাঁ অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৬, ময়মনসিংহে ১২ দশমিক ৪, চট্টগ্রামে ১৭, সিলেটে ১২ দশমিক ৮, রাজশাহীতে ৮ দশমিক ৫, রংপুরে ৯ দশমিক ৫, খুলনায় ১৫ দশমিক ৫ এবং বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শীত, শৈত্যপ্রবাহ-ঘনকুয়াশা

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্য অঞ্চলের হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।