করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে এশিয়া

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মুখে রয়েছে এশিয়া। ইউরোপের বেশ কয়েকটি দেশও এই ঢেউয়ের মুখে পড়েছে। ফলে দেশগুলো নতুন করে আবারো লকডাইনের কথা ভাবছে। নতুন করে করোনা যেসব দেশে ছড়াতে শুরু করেছে, সেগুলো মধ্যে অন্যতম এশিয়ার ভিয়েতনাম।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৭ জুলাই) ভিয়েতনামসহ কয়েকটি দেশ নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

অপরদিকে স্পেন থেকে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রে ব্রিটেন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। ফলে ইউরোপে গ্রীষ্মকালে ফের সবকিছু খুলে দেওয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

এছাড়া চীনে করোনা ভাইরাসের সংক্রমণ আবারো বাড়তে শুরু করেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ৬১ জন নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হয়েছে।

জাপানে সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির ব্যবসায়ী নেতাদের আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে।

রেকর্ড রোগী শনাক্ত হওয়ার পর শনিবার মধ্যপ্রাচ্যের ওমানে থেকে নতুন করে দুই সপ্তাহের বিধিনিষেধ দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র এখনও সংক্রমণের প্রথম ঢেউ মোকাবিলা করছে। করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে দেশটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্র-রয়টার্স।