করোনায় ‘গরুর গোবর কাজ করে না’ বলায় সাংবাদিক গ্রেফতার

অনলাইন ডেস্ক।।
সোশ্যাল মিডিয়ায় কোভিডে ‘গোবর, গো-মূত্র কাজ করে না’ বলায় সাংবাদিককে গ্রেফতার করল মণিপুরের বিজেপি সরকার। খবরে প্রকাশ, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মণিপুরের বিজেপি নেতার মৃত্যুর বিষয়কে নিয়ে নেটমাধ্যমে বিতর্কিত পোস্ট করার জন্য একজন সাংবাদিক ও এক রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

ধৃত সাংবাদিকের নাম কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচম্বমকে বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাজ্য বিজেপির সহ সভাপতি উশাম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দ মেতেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁদের আদালতে তোলা হলে বিচারক দু’জনকে ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মণিপুরের বিজেপি’র রাজ্য সভাপতি সাইখম টিকেন্দ্র সিংহের মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিজেপি নেতার মৃত্যুর পর ওই সাংবাদিক ও রাজনৈতিক কর্মী লেখেন, ‘গোবর ও গো মূত্র কাজ করে না।’
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও সাংবাদিক কিশোরচন্দ্রকে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য দু’টি ভিন্ন মামলায় দু’বার গ্রেফতার করে পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে বলে জানা গিয়েছে।