করোনায় প্রাণ হারালেন গলাচিপার এটিইও

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
করোনায় আক্রান্ত হয়ে গলাচিপা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: জামাল হোসেন (৪৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩১ জুলাই) সকাল ৭.০০টায় ঢাকার ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা গ্রামের আজিজ মাতবারের ৭ ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে।

গলাচিপা উপজেলা শিক্ষা অফিসের সহকর্মীরা জানান, তিনি গলাচিপা উপজেলার খারিজ্জমা ও চিকনিকান্দি ক্লাস্টারের দায়িত্বে ছিলেন।

জামাল হোসেনের ভগ্নিপতি ও শিক্ষক মো: আলাউদ্দিন জানান, মো: জামাল হোসেন পটুয়াখালীর পিটিআই রোডে তার বাসায় থাকতেন। গত ১২ জুলাই তার করোনা পজিটিভ হয় এবং ওই তারিখে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৪ জুলাই বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার শারীরিক উন্নতির জন্য ২৭জুলাই ঢাকার ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭.০০ তিনি মৃত্যু বরন করেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ছেলে ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাকে আলীপুরা গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদাসহ উপজেলা প্রশাসন, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার, গলাচিপা উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসারগন ও শিক্ষক সমাজ শোক জানিয়েছেন।