করোনায় মারা গেলেন সাংবাদিক হাসান শাহরিয়ার

গণমাধ্যম ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

ফুসফুসের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন হাসান শাহরিয়ার। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

শনিবার বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে হাসান শাহরিয়ারের জানাজা অনুষ্ঠিত হবে।

হাসান শাহরিয়ার ১৯৪৪ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি গত শতকের ষাটের দশকে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা শুরু করেন। হাসান শাহরিয়ার পাকিস্তানের করাচিতে পড়াশুনা ও দৈনিক ডন পত্রিকায় কাজ করেন। সত্তরের দশকের শুরুতে ঢাকায় এসে দৈনিক ইত্তেফাকে কাজ শুরু করেন তিনি।

২০০৮ সালে নির্বাহী সম্পাদক হিসেবে ইত্তেফাক থেকে অবসর নেন হাসান শাহরিয়ার। ইত্তেফাকের পাশাপাশি আন্তর্জাতিক সাময়িকী নিউজ উইক, আরব নিউজ, ডেকান হ্যারাল্ডসহ বেশ কয়েকটি পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি ছিলেন তিনি।

১৯৯৩-৯৪ সালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন হাসান শাহরিয়ার। তিনি কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) আন্তর্জাতিক সভাপতির দায়িত্বেও ছিলেন।