করোনায় যেসব ভালো অভ্যাস গড়ে উঠেছে

লাইফস্টাইল ডেস্ক।।
করোনাভাইরাসের কারণে নতুন অনেক অভ্যাস যুক্ত হয়েছে আমাদের জীবনযাপনে। বাইরে বের হলে মাস্ক পরা, বারবার হাত পরিষ্কার করা- এসব এখন খুব পরিচিত অভ্যাস। কিন্তু মাঝেমাঝে আপনার বিরক্ত লাগতে পারে এই ভেবে যে, করোনা কবে বিদায় নেবে আর কবে এসব থেকে মুক্তি মিলবে!

বাইরে থেকে ফেরার পর আগাগোড়া পুরোটাই পরিষ্কার করতে নিশ্চয়ই হাঁপিয়ে উঠছেন! ভাইরাসের হাত থেকে নিস্তার পেতে প্রচেষ্টা বিস্তর। কিছু কিছু অভ্যাস আপনার বিরক্তির কারণ হলেও, একটু খেয়াল করে দেখুন, করোনার কারণেই কিন্তু অনেক ইতিবাচক অভ্যাস গড়ে উঠেছে। আর সেসবের সুফল আপনি ইতিমধ্যেই ভোগ করতে শুরু করেছেন। মিলিয়ে দেখুন তো, এই অভ্যাসগুলো আপনারও গড়ে উঠেছে কি না-

ঘরের খাবার: বাইরে খেতে যাওয়ার অভ্যাসে বদল এনেছে করোনাভাইরাস। এখন একান্ত প্রয়োজন ছাড়া বাইরের খাবার মুখে তোলার কথা ভাবেন না কেউ। এর বদলে কষ্ট করে হলেও ঘরেই তৈরি করছেন খাবার। পরিমিত তেল-মশলায় রান্না হচ্ছে স্বাস্থ্যকর খাবার। কোন কোন খাবার খেলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন মিলবে সেসবের খোঁজ নিচ্ছেন অনেকেই। এর মাধ্যমে করোনা থেকে দূরে থাকার পাশাপাশি মিলছে অন্য অনেক অসুখ থেকেও মুক্তি। এদিকে ঘরেই নানা ধরনের খাবার তৈরি করে রান্নায় দক্ষ হয়ে উঠছেন অনেকেই।

মাস্কের ব্যবহার: মাস্ক যে শুধু করোনাভাইরাস ঠেকাতে ব্যবহার করা হয়, তা তো নয়। বরং ফ্লু, যক্ষা, ধুলো বা রেণু সংক্রান্ত পোলেন অ্যালার্জির হাত থেকে বাঁচতে সাহায্য করবে মাস্ক। আশেপাশের কেউ ধূমপান করলেও আপনি মাস্ক পরে সুরক্ষিত থাকতে পারেন। তাই করোনা চলে গেলেও মাস্ক পরে থাকার অভ্যাস ধরে রাখতে হবে।

সঞ্চয়: বাইরে বের হওয়া মানেই কিছু না কিছু বাড়তি খরচ। করোনা এসে সেই খরচে অনেকটাই লাগাম টেনেছে। বন্ধু, আড্ডা, সিনেমা, বেড়ানো- কিছুই আগের মতো নেই। সেই সুযোগে অজান্তেই বাঁচছে খরচ। আবার গৃহকর্মী ছাড়া কাজ করার অভ্যাস করেছেন অনেকে। এতে করে শরীরের উপকারের পাশাপাশি বাঁচবে বাড়তি খরচও।

পরিচ্ছন্নতা: মুখে মাস্ক পরার কারণে এমনিতেই বাইরের ধুলোবালি, রোদ থেকে রক্ষা মিলছে। মেকআপ, বাড়তি সাজগোজও করতে হচ্ছে না। তাই ত্বক এমনিতেই পরিচ্ছন্ন থাকছে। এদিকে নিয়মিত হাত ধোয়ার কারণে দূরে থাকা সম্ভব হচ্ছে নানা অসুখ থেকেও। বাড়িঘর, পোশাক, আসবাব- সব নিশ্চয়ই আগের থেকে অনেক বেশি পরিষ্কার রাখছেন? নিঃসন্দেহে এটি ভালো অভ্যাস।

নিয়মিত শরীরচর্চা: এমন অনেকেই আছেন যারা আগে নিয়মিত শরীরচর্চা না করলেও এখন করছেন। আর সুস্থ থাকতে শরীরচর্চা যে কতটা প্রয়োজনীয় সে সম্পর্কে নিশ্চয়ই জানা আছে! করোনা এসে কিন্তু মন্দের ভালো হিসেবে এই অভ্যাস গড়ে দিয়েছে!