করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও নারী ১২ জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৪৮ জনে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৮৩৮টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ২০ হাজার ৯৮১টি।

এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৩১৬ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ। এ পর্যন্ত মোট মৃত ৬ হাজার ৭৪৮ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ১৬৪ (৭৬ দশমিক ৫৩ শতাংশ) ও নারী এক হাজার ৫৮৪ জন (২৩ দশমিক শূন্য ৪৭ শতাংশ)।