‘করোনা পার্টি’ থেকে ফিরেই করোনায় তরুণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক।।

করোনাভাইরাস বলে কিছুই নেই, অনেকেই এমনটা মনে করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেমনই একদল মানুষ ‘কোভিড পার্টি’র আয়োজন করেন! কিন্তু আয়োজকই ছিলেন করোনায় আক্রান্ত। পার্টি চলাকালে তার থেকে সংক্রমিত হলেন এক তরুণ। শেষ পর্যন্ত তিনি করোনায় মারা গেলেন।

সান আন্তোনিওর মেথোডিস্ট হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার জেন অ্যাপলবি বলেন, এই ব্যক্তিটি মনে করেছিল করোনাভাইরাস একটি প্রতারণা। তবে তিনি মারা যাওয়ার আগে নার্সকে বলেন গেছেন, আমি একটি ভুল করেছি।

জানা গেছে, যারা এই পার্টিতে ছিলেন, তারা ধরেই নিয়েছেন এ রোগে আক্রান্ত হবেন না। করোনা তাদের কাবু করতে পারবে না, এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই আয়োজন করা হয়েছিল এই পার্টি।

ডাক্তার অ্যাপলবি বলেন, তরুণ রোগীরা প্রায়ই বুঝতে পারেন না যে তারা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। তবে যখন তরুণদের অক্সিজেনের স্তর এবং তাদের ল্যাব টেস্টগুলো পরীক্ষা করা হয়, তখন বুঝা যায় তারা সত্যিই অনেক অসুস্থ।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় ৩৮০ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৩৭ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ৩৪ লাখ ১৩ হাজারের বেশি সংক্রমিত।