করোনা: ফ্রান্সে ৯১ হাজার, যুক্তরাজ্যে ১ লাখ ২০ হাজার শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশে। শীতের কারণে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। ফ্রান্সে একদিনে ৯১ হাজারেরও অধিক করোনা শনাক্তের রেকর্ড তৈরি হয়েছে। যুক্তরাজ্যে এই সংখ্যা এক লাখ ২০ হাজারের কাছাকাছি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৯১ হাজার ৬০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে থাকা ১৭৯ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেন, আজকের পরিসংখ্যান ভালো নয়।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৯ হাজার ৭৮৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদিকে, এদিকে ইউরোপের আরেক দেশ জার্মানিতে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্লিনভিত্তিক রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই)।

জার্মান স্বাস্থ্যমন্ত্রী আশঙ্কা করে বলেন, ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে বেড়ে যেতে পারে ওমিক্রন। তবে সংক্রমণ ঠেকাতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার।