করোনা স্বাস্থ্য বিধিকে উড়িয়ে দিয়ে উহানে চলছে ওয়াটার পার্টি

আন্তর্জাতিক ডেস্ক।।
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে প্রতিদিনই মৃত্যু হচ্ছে হাজারো মানুষের। তবে সম্প্রতি করোনার উৎসস্থল এই শহরটিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই উৎসবে মেতে উঠেছে এর বাসিন্দারা। ফলে সৃষ্টি হয়েছে বিতর্কের।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, উহানের মায়া বিচ ওয়াটার পার্কটি রোববার (১৬ আগস্ট) দর্শনার্থীতে ভরপুর ছিল। মুখে কোনো মাস্ক না পড়ে ও করোনার অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে অনেকেই সেখানে উৎসবে মেতে উঠেছিলেন।

কেউ রাবারের নৌকায় পানিতে ভেসেছেন, আবার কেউ কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে পানিতে দাঁড়িয়েছিলেন। উন্মুক্ত বিনোদনের এই চিত্রটি এখনো বিশ্বের অধিকাংশ অঞ্চলে অচিন্তনীয় ব্যাপার।

বিশ্বের প্রায় দুই কোটি ২১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাত লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। ৭৬ দিন পর এপ্রিলের প্রথম দিকে উহান থেকে লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়। সেই থেকে এক কোটি ১০ লাখ মানুষের শহরটি স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। মধ্য মে থেকে শহরটিতে নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি।

উহান মায়া বিচ ওয়াটার পার্ক গত জুনের শেষ দিকে খুলে দেয়া হয়। তবে এক মাসের বেশি মৌসুমি বৃষ্টিপাতের কারণে এই বিনোদন কেন্দ্রে তেমন ভিড় ছিল না। বর্তমানে এখানে প্রতি রোববার গড়ে ১৫ হাজার দর্শণার্থী আসেন।