কলাপাড়ায় আওয়ামী লীগ নেতার ভাইসহ দুইজন গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী॥
সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারকারী আলোচিত-সমালচিত সেই মোশারেফ মোল্লাকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মোশারেফ মোল্লার আশীর্বাদপুষ্ট হত্যা মামলার জামিনে থাকা আসামী সামসুকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে। মোশারেফ মোল্লা কুয়াকাটার সাবেক পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা ও লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লার ছোট ভাই।

মহিপুর থানা পুলিশ জানায়, ঢাকার কলাবাগানের ঠিকানার একটি চেক প্রতারণার মামলায় সোমবার (৩১ মে) সকালে মোশারেফ মোল্লাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার রাতে মোশারেফ মোল্লার সহচর ও হত্যা মামলার আসামী সামসুকে রাখাইন পল্লীতে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়। সামসুকে গ্রেফতার এলাকায় স্বস্তি ফিরেছে।

পুলিশ ও স্থানীয়রা আরও জানায়, গ্রেফতারকৃত মোশরেফ মোল্লা এর আগে সাংবাদিকের চাঁদাদাবির দায়ের করা মামলায় পুলিশ গ্রেফতার করে। অপর গ্রেফতারকৃত সামসু মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের শ্রমিক লীগ নেতা মন্নান গাজী হত্যা মামলায় এবং মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়। সর্বশেষ গোড়াআমখোলাপাড়া রাখাইন পল্লীর ক্ষুদ্রনৃগোষ্ঠির দায়ের করা মহিপুর থানার চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়।

স্থানীয়রা অভিযোগে জানান, সকল প্রকার মাদকের সরবরাহকারী সামসু একটি সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছে। রাখাইন উন্নয়ন কর্মী প্রকৌশলী ম্যাথুজ বলেন, রাখাইন পল্লীর দরিদ্র রাখাইনদের জিম্মি করে সামসুর নেতৃত্বে একটি চক্র মাদক উৎপাদন ও বিপননে বাধ্য করছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান চেক প্রতারণার মামলায় মোশারেফ মোল্লাকে এবং রাখাইনদের দায়ের করা চাঁদাবাজির মামলায় সামসুকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।