কলাপাড়ায় এবারও নৌকার পরাজয় ঠেকানো গেলো না

এইচ,এম হুমায়ুন কবির, কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে এবারও ঠেকানো গেলো না নৌকার পরাজয়। সর্বশেষ পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রায় সাড়ে ছয় শত ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের নিকট নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র আ.বারেক মোল্লা পরাজিত হয়েছেন। সম্প্রতি উপজেলার মহিপুর সদর থানার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছিলো পরাজয়ের করুণ দশা।

এর আগে ধানখালী ও লালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর নিকট নৌকার প্রার্থীরা হার মানে। এ যেন নৌকাডুবি’র দশা পিছু ছাড়ছে না। সাগর পাড়ের অনুর্বর মাটিতে শেখ হাসিনা সোনা ফলিয়েছেন। লালুয়ায় পায়রা সমুদ্র স্থাপন, ধানখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্র, শহিদ শেখ কামাল, শহিদ শেখ জামাল, শহিদ শেখ রাসেল শহিদ সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণ, মহিপুর থানা, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, ফোরলেন সড়কসহ অভাবিত উন্নয়ন দৃশ্যমান। তিনি পাথরে ফুল ফোটানোর মত অসাধ্য সাধন করেছেন। এলাকার মানুষের কাছে তিঁনি প্রিয় ব্যক্তিত্ব ও জনপ্রিতার শীর্ষে। তবে দ্বিতীয় গোপালগঞ্জ খ্যাত এ এলাকায় তাঁর দলের প্রার্থীদের দুরাবস্তা কেন? স্থানীয় জ্ঞানী-গুণিদের বিশ্লেষণ দলীয় কোন্দল,বড় নেতাদের আথিতেওতায় প্রার্থীদের ব্যস্ত থাকা,যাতে ভোটারদের নিকট প্রার্থীদের সময় দিতে না পারা, নেতা-কর্মীদের টোল বাণিজ্য ও জনগণের সাথে দুর্ব্যবহার, হাইব্রিডদের মনোনয়ন এবং ক্ষেত্র বিশেষে প্রার্থী পরিবর্তন না করা ইত্যাদি কারণে নৌকার পরাজয় ঘটে চলছে। এতে আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে অভিজ্ঞজনের ধারণা।