কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের রগ কর্তন

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান গাজীর (৩৫) দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বাসস্ট্যান্ডের চৌরাস্তায় ফেলে হাসানকে বেধড়ক কোপানো হয়েছে। হাসান তার বাবার সঙ্গে পূর্ব চাকামইয়া গ্রামের বাড়িতে যাচ্ছিল। এ সময় আবির বাহিনী সশস্ত্র হামলা চালায় বলে হাসানের দাবি।

কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। গুরুতর আহত হাসানকে বরিশাল প্রেরণ করা হয়েছে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক কামরুন্নাহার মিলি জানান, হাসানের দুই হাতের কব্জি বরাবর রগ কেটে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান আশিক তালুকদার জানান, দুই গ্রুপের কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।