কলাপাড়ায় ট্রাক-অটোর সংঘর্ষে নারীসহ আহত ৬

কলাপাড়া প্রতিনিধি॥
পটুয়াখালীর কলাপাড়ায় মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয় যাত্রী গুরুতর জখম হয়েছে। আহতরা হলো- মো. ফুর্তি (৬০), রবি (৪০), রাব্বি (২০), সগির (২২), আসমা (১৬), ও সীমা (২৬)।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহা সড়কের সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় রবি, রাব্বি ও সগিরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় ট্রাক চালক আলামিন (২০) কে আটক করেছে।

কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে বরিশালে রেফার করা হয়েছে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আসলাম জানান, মৎস্যবন্দর মহিপুরগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার শিকার হয় যাত্রীরা। এতে অটোরিকশাটির ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।