কাউখালীতে ইউপি সদস্য স্বামী স্ত্রী’র শপথ গ্রহণ

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
কাউখালীতে ৩য় ধাপে ২৮ নভেম্বর দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে স্বামী ওয়ার্ড মেম্বার এবং স্ত্রী সংরক্ষিত আসনের মেম্বার নির্বাচিত হন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) উপজেলা হলরুমে স্বামী স্ত্রী দু’জনেই ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন। স্বামী হলেন ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৬নং ধাবড়ী গ্রামের বাসিন্দা আলামিন শেখ। অপরদিকে তার স্ত্রী শাহানাজ আক্তার শান্তা সংরক্ষিত মহিলা ওয়ার্ডে (৭,৮,৯) সয়না, রঘুনাথপুর ও মেঘপাল গ্রামের মহিলা মেম্বার হিসেবে শপথ নিলেন। ভোটাররা দুইজনকে নির্বাচিত করতে পেরে খুশি হয়েছেন।

স্বামী আলামিন এর পূর্বেও ওয়ার্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্ত্রী শাহানাজ আক্তার শান্তা এবারই প্রথম নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। স্বামী স্ত্রী আলাদা আলাদা ভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। ভোটাররা স্বামী স্ত্রী দুইজনকেই বেছে নিয়েছেন। শপথ গ্রহণ করে তারা দুজনেই সততা ও নিজ নিজ দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে, কাউখালীতে ৩য় ধাপে ১নং সয়না রঘুনাথপুর ও ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার (২১ ডিসেম্বর) উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানদের শপথ গ্রহণ করান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এবং মেম্বারদের শপথ গ্রহণ করান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, নব নির্বাচিত ৪নং চিরাপাড়া পারসাতুরিয়ার চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু প্রমুখ। তারা শপথ গ্রহণকালে মেম্বার চেয়ারম্যানরা তাদের বক্তব্যে আস্থা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন। উপজেলার দু’টি ইউনিয়নের ২ চেয়ারম্যান ও ১৮জন ওয়ার্ড সদস্য এবং ৬ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য শপথ গ্রহণ করেন। এর মধ্যে ১নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর বেতকা গ্রামের ইউপি সদস্য হিসেবে ফিরোজ খান মিন্টু ৫ম বারের মত শপথ গ্রহণ করেন।