কাউখালীতে চারমাস অতিবাহিত হয়ে গেলেও ভিজিডি চাল পাননি হতদরিদ্ররা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।।
কাউখালীতে চারমাস অতিবাহিত হলেও ২০২১-২২ ভিজিডি চক্রের চাল হতদরিদ্ররা এখনও পায়নি বলে অভিযোগ রয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রতিমাসে খাদ্যশস্যের ছাড়পত্র দেয়া হলেও জনপ্রতিনিধিরা সময়মত তালিকা ও কার্ড প্রস্তুত না করার কারনে হতদরিদ্ররা এখনও বঞ্চিত রয়েছে খাদ্যশষ্য থেকে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, তারা প্রতিমাসে ত্রিশ কেজি চাল পাওয়ার কথা থাকলেও এখনও তারা কোন চাল হাতে পায়নি। ফলে অনেক কষ্টে পরিবার পরিজন নিয়া মানবেতর জীবন যাপন করছে। আবার অন্যদিকে মরার উপর খড়ার গা হয়ে দাড়িয়েছে মহামারি করোনা। করোনায় কোন কাজ-কর্ম না থাকায় অর্ধাহারে অনাহারে জীবন কাটাতে হচ্ছে। উপজেলায় পাঁচটি ইউনিয়নে ১৫৬৩জন ভার্নাল গ্রুপে সদস্য রয়েছে। এরমধ্যে ৫নং শিয়ালকাঠী ইউনিয়নে ২৫৫জন ২মাসের খাদ্যশষ্য হাতে পেলেও বাকি ৪টি ইউনিয়নে ভিজিডি কার্ড এখনও প্রস্তুত করা হয়নি বলে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সচিবগণ জানান।

এ ব্যাপারে সদর ইউনিয়ন পরিষদের আশুতোষ বড়াল ও ১নং ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহিন হোসেন জানান, ভার্নাল গ্রুপে কার্ড প্রস্তুত না হওয়ায় খাদ্যশস্য দেয়া যায়নি তবে একসপ্তাহের ভিতর কার্ড প্রস্তুত করে খাদ্যশস্য প্রদান করা হবে।