কাউখালীতে ডিলার থাকলেও টিসিবি পণ্য থেকে বঞ্চিত নিম্ন আয়ের মানুষ

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
কাউখালীতে আসন্ন রমযান মাস কে সামনে রেখে এক শ্রেণির খুচরা ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বেশি দামে বিক্রি করার অভিযোগ রয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজার মনিটরিং এর কোন ব্যবস্থা এবং প্রশাসনের কোন নজরদারী না থাকায় খুচরা ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠছে।

লকডাউনের মধ্যেও রাতদিন বেচা-কেনা করছেন দোকানদাররা। টিসিবি ডিলাররা পণ্য বিক্রয় না করায় উপজেলার নিম্ন আয়ের কয়েক হাজার মানুষ বঞ্চিত হচ্ছে ন্যায্য মূল্য থেকে। সাধারণ মানুষের দাবী উপজেলায় পূর্বে যেভাবে টিসিবি ডিলাররা পণ্য বিক্রয় করত এখনও যেন তারা টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে।

মঙ্গলবার উপজেলার উত্তর বাজার ও দক্ষিণ বাজার ঘুরে দেখা গেছে অনেক দোকানদারেরই দোকানে রেটবোর্ড কিংবা মূল্য তালিকা টাঙানো নেই। সরকারি নিয়মে রেটবোর্ড কিংবা মূল্য তালিকা দোকানের সামনে টাঙানোর নিয়ম থাকলেও কোথাও দেখা মেলেনি মূল্য তালিকা বা রেটবোর্ডের।