কাউখালীতে নির্বাচনী সহিংসতায় আহত ৭

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)॥
পিরোজপুরের কাউখালীতে চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় ৭ জন আহত হয়েছেন। আতদের মধ্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ সাতজন। গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান, মামুন মোড়ল ও মিন্টু তালুকদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এরা হলেন-এনায়েত সরদার, বেলায়েত সিকদার, ফরহাদ হোসেন ও মাইনুল ইসলাম হাওলাদার।

জানা যায়, শনিবার রাতে সাইকেল প্রতীকের প্রার্থী ও সমর্থকরা তাদের নির্বাচনী সভা শেষে ফেরার পথে চিরাপাড়া টেম্পু স্ট্যান্ড এলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইকেল প্রথীকের সমর্থকরা নৌকা প্রতীকের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়।

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান মাহামুদ খান খোকব বলেন, আমি নির্বাচনী প্রচারনা শেষে সমর্থকদের নিয়ে অফিসে মতবিনিময় সভা করছিলাম। সাইকেল প্রতীকের সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং অফিসে প্রধান মন্ত্রীর ছবি ও টিভিসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। হামলায় আমার বড় ভাইসহ ৭ জন আহত হয়েছে।

সাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রহমান নান্নু জানান, ঘটনা সম্বন্ধে আমি কিছুই জানি না। কে বা কাহারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাহা আমার জানা নাই।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।