কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের কাউখালী উপজেলায় বুধবার (১৪ জুলাই) বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ রেজাউল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, চিরাপাড়া গুচ্ছগ্রামের রিকশাচালক মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ রেজাউল ইসলাম (১৮) দুপুরে ইসলামিয়া কমপ্লেক্স মাদ্রাসা চিরাপাড়ায় নির্মাণাধীন চারতলা ভবনের উপরে লোহার রড নামাতে গেলে রডের ভারসাম্য না রাখতে পাড়ায় রড গিয়ে পাশের বৈদ্যুতিক তারের উপরে পড়লে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইসলামিক কমপ্লেক্সে মাদ্রাসার এম.এল.এস.এস আলমগীর জানান, বিকালে কমপ্লেক্স মাঠে ফুটবল খেলা ছিলো মাঠে পানি জমে থাকায় তা পাইপ দিয়ে বের না হওয়ায় রেজাউল ছাদে রড আনতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার্স ইনচার্জ বনি আমিন জানায়, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখা নিহতের বাড়ী গিয়ে সমবেদনা জানান এবং পরিবারের কাছে খাদ্য সামগ্রী এবং কাউখালী মানব কল্যাণ সোসাইটির দেয়া কাফনের কাপড় হস্তান্তর করেন। পিরোজপুর জেলা প্রশাসক মহোদয় ২০০কেজি চাল এবং নগদ ২৫ হাজার টাকা বরাদ্দ দেন।