কাজিরহাটে আলোচিত সেই সাহাবুদ্দিন ফকিরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

রূপালী বার্তা।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটের আলোচিত জাফর ও সমীর চারু হত্যা মামলা প্রধান আসামি সাহাবুদ্দিন ফকিরের বাসা থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অস্ত্র আছে এমন সংবাদ পেয়ে সোমবার (২২ জুন) দুপুরে ভাসানচর ইউনিয়নের সাতহাজার বিঘায় ওই আসামির বাসায় হানা দেয় ডিবি পুলিশ। এর আগেই খবর পেয়ে সাহাবুদ্দিন অস্ত্র ফেলে পালিয়ে যায়।

পরে ভয়ানক এই সস্ত্রাসীর বাসা থেকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এজাজের নেতৃত্বধীন টিম অন্তত চারটি অস্ত্র উদ্ধার করে।

ডিবি পুলিশ জানায়- সাহাবুদ্দিন ফকিরের বিরুদ্ধে কয়েকটি হত্যাসহ কমপক্ষে একডজন মামলা রয়েছে। অধিকাংশ মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই এজাজ জানান, সোমবার দুপুরে গোপন সংবাদ আসে সাহাবুদ্দিন অস্ত্রসহ বাসায় অবস্থান করছে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই খবর পেয়ে সে পালিয়ে আত্মরক্ষা করে। পরে তার বাসার অভ্যন্তরে তল্লাশি করে দুটি রামদা, একটি বগি দা ও একটি ছোড়া পাওয়া গেছে।

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি/ডিবি) আব্দুর রাজ্জাক মোল্লা জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় সাহাবুদ্দিন ফকিরের বিরুদ্ধে কাজিরহাট থানায় একটি মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের একটি টিম মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।’