কাজীরহাট থানাধীন ৬নং বিদ্যানন্দপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম, আলোচনায় অর্ধডজন চেয়াম্যান প্রার্থী

জাকিরুল আহসান।।
আগামী মার্চ মাসে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ অনুষ্ঠানের কথা রয়েছে। আসন্ন এ নির্বাচন ঘিরে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে বিদ্যানন্দপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন। কোন দলের পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। রূপালী বার্তার পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারেন এমন অর্ধডজন প্রার্থীর নাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরে বিদ্যানন্দপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। দোকানপাট, রাস্তাঘাট ও বাজারে বেড়েছে রাজনৈতিক নেতাকর্মীদের আনাগোনা। সম্ভাব্য চেয়ারম্যন প্রার্থীদের নিয়েও চলছে আলোচনা। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন সাবেক ও বর্তমান নেতা প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।

এলাকার ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপি থেকে চেয়ারম্যানে পদে যারা প্রার্থী হতে পারেন, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের সাবেক মেধাবী নেতা এবং মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাওলাদার মো. মুনিরুউজ্জামান (শিমু)। তিনি সমাজ সেবক ও চরউদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত মাষ্টার আবদুল কাদের হাওলাদারের জেষ্ঠ পুত্র।

ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও সক্রিয়ভাবে জড়িত। এর আগেও চেয়ারম্যান প্রার্থী হিসেবে টাকা দাখিল করেছিলেন তিনি। কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে সেই বছর ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির বলিষ্ঠ নেতৃত্বদানকারী নেতা মো. মুনিরুউজ্জামান (শিমু)।

স্থানীয়রা জানিয়েছেন, বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী হতে পারেন আ. ছালাম কবির সেলিম হাওলাদার। এর আগে তিনি বিদ্যানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছিলেন। বর্তমানে তিনি বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

এদিকে, আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার মতো ৪/৫ জনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে একজন হলেন- কাজীরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আ. জব্বার খান। তিনি এর আগেও ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

আওয়ামী লীগের মধ্যে প্রার্থী হওয়ার মতো যার নাম বেশি শোনা যাচ্ছে তিনি হলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. জিয়াউল কবির মুরাদ। তিনি একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মজিদ মিয়ার ছেলে। এছাড়া তার দুই চাচাও চেয়ারম্যান ছিলেন। তারা হলেন- মৃত আবুল কাশেম মিয়া ও মৃত টি.আই.এম মতিউর রহমান।

এই ইউনিয়নে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে পারেন এমন আরেক নেতা- আ. জলিল মিয়া। বর্তমানেও তিনি বিদ্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়াও ক্ষমতাসীন দলের আরও বেশ কয়েকজন নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।