কাঠালিয়ায় টেন্ডারের ৪ বছর পরেও রাস্তা হয়নি, ভুক্তভোগীদের মানববন্ধন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী জমাদ্দার হাট থেকে বটতলা বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘ ০৪ বছর আগে টেন্ডার হলেও অদ্যাবধি কোনো কাজ করেননি ঠিকাদার। কর্তৃপক্ষের যোগসাজসে বিল তুলে নিয়েছেন ঠিকাদার।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে “সামাজিক আন্দোলন কাঠালিয়া” এর উদ্যোগে রাস্তা নির্মানের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনের সদস্য ও এলাকাবাসী।

জানা গেছে, ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে এলজিইডি কর্তৃপক্ষ এ রাস্তাটি পূনঃনির্মানের কার্যাদেশ দেয়। এতে ব্যয় ধরা হয় সোয়া এক কোটি টাকা। রাস্তাটির কাজ ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদাস কোনো কাজ না করে রাস্তাটি ফেলে রেখেছে। ফলে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। অতিষ্ঠ হয়ে এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি নির্মান সম্পন্ন করার জন্যে দাবি জানিয়েছেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও উপজেলা প্রকৌশলী বিপুল কুমার অধিকারীর কাছে মানববন্ধন কারীরা স্মারকলিপি তুলে দেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সামাজিক আন্দোলন কাঠালিয়া এর প্রতিষ্ঠাতা ও আহবায়ক মোঃ তুহিন সিকদার, যুগ্ম আহবায়ক মোঃ নিয়াজ খান, প্রভাষক মোঃ রুস্তুম আলী, সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান খান, শিক্ষক শাহারুম খান, মোঃ মোশারেফ হোসেন, মোঃ আঃ রাজ্জাক, মিশু সিকদার, মামুন জমাদ্দার, হাসান খান প্রমূখ।