কাঠালিয়ায় প্রতারকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধি’র সংবাদ সম্মেলন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ার হেতালবুনিয়া গ্রামের এনটিআরসি ভূয়া সনদ বিক্রি ও চাকুরি দেয়ার নামে লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার চক্রের হোতা মোঃ জসিম উদ্দীন খানের বিরুদ্ধে অভিযোগ এনে মুক্তিযোদ্ধা ও এক জনপ্রতিনিধি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টায় কাঠালিয়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তাব্য পাঠ করেন, সাবেক ইউপি সদস্য পান্না মিয়া হাওলাদারের ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলাম সজিব।

এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-অর-রশিদ।

সজিব লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জসিম খান এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে এন.টি.আর.সি. ভূয়া সনদ ও বিভিন্ন চাকুরীর কথা বলে এলাকার অনেক লোকের কাছ থেকে টাকা নিয়ে ঢাকার নারায়নগঞ্জে অবস্থান করছে। ফোন করলে তা রিসিভ করেন না এবং টাকাও ফেরত দিচ্ছেন না। তার এই প্রতারনার প্রতিবাদ করায় অতি সম্প্রতি কাঠালিয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পান্না মিয়া হাওলাদারের উপর জসিম তার বাহিনী দিয়ে হামলা চালায়। এতে গুরুত্বর আহত পান্না আমুয়া হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংবাদ সম্মেলনে জালজালিয়াতির হোতা প্রতারক জসিম উদ্দীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ক্ষতিগ্রস্থদের টাকা ফেরৎ দেওয়ার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করা হয়।