কাঠালিয়ায় ভূমিহীনদের জন্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির ঘর নির্মান শুরু

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়ন প্রকল্পের আওতায় জমি ও ঘর নেই ভূমিহীনদের জন্য ঘর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির ও উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার আনুষ্ঠানিকভাবে উপজেলার পশ্চিম আউরা মাদ্রাসা সংলগ্ন সরকারি খাস জমিতে ১০টি গৃহ নির্মানের কাজের উদ্বোধন করেন।

এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদারসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে প্রতিটি গৃহ এক লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মান করা হবে। প্রতিটি গৃহে দুই কক্ষ সহ একটি বারান্দা এবং আলাদা ভাবে রান্না ঘর ও টয়লেটের ব্যবস্থা রয়েছে। এ উপজেলায় ভূমিহীন ৫৪টি পরিবারকে এই প্রকল্পের আওতায় ঘর প্রদান করা হবে।