কারাগার থেকে আদালতে দেলাওয়ার হোসাইন সাঈদী

অনলাইন ডেস্ক।।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে দুই মামলায় সোমবার ঢাকার বিশেষ জজ আদালতে হাজির করা হয়।

সোমবার (০৭ ডিসেম্বের) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বকশিবাজারের বিশেষ জজ আদালতে হাজির করা হয়। এরপর বেলা পৌনে ১১টার আবার কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

সাঈদীকে বকশীবাজারের আদালতে হাজির করার কারণে ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। তালিকাভুক্ত আইনজীবী ছাড়া কাউকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি।

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণ শুনানি পিছিয়েছে। আবার জাকাতের অর্থ আত্মসাতের মামলার অভিযোগ গঠনের শুনানিও পিছিয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ সাঈদীর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা আয়কর ফাঁকির মামলায় বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ হয়। সাক্ষ্যগ্রহণ শেষে ৬ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন এই আদালতের বিচারক নজরুল ইসলাম।

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের করা জাকাতের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ২৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসেন এই দিন ধার্য করেন।

২০০৯ সালে যাকাতের অর্থ আত্মসাতের অভিযোগে যুদ্ধাপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দণ্ডিত সাঈদীর বিরুদ্ধে মামলা করে ইসলামিক ফাউন্ডেশন। আর ২০১২ সালে কর ফাঁকির মামলার অভিযোগ গঠন হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন সাঈদী গ্রেপ্তার হন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।