কিশোরীর পেটে মিলল ২ কেজি চুল!

আন্তর্জাতিক ডেস্ক।।
দুই বছর ধরে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল মেয়েটি। শরীরও ভেঙে পড়ছিল। এর মধ্যে দশ দিন আগে হঠাৎ করেই শুরু হয় তার তীব্র পেট ব্যথা। সেই সঙ্গে গ্যাসের সমস্যা। পরিবারের লোকজন পরে মেয়েটিকে নিয়ে ছোটেন চিকিৎসকের কাছে। চিকিৎসকরা ভাবতেই পারেননি কি বিস্ময় অপেক্ষা করছে তাদের জন্য। এন্ডোস্কপি করে মেয়েটির পেটে চুলের সন্ধান পান তারা। পরে অস্ত্রোপচারের মাধ্যমে মেয়েটির পেট থেকে বের করা হয় দুই কেজি পরিমাণে চুল।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। লখনৌয়ের বলরাম হাসপাতালে মেয়েটির অস্ত্রোপচার করে চুল অপসারন করা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে ওই অস্ত্রোপচার। চিকিৎসকরা দেখতে পান, কিশোরীর পেটের মধ্যে প্রায় ২০ সেন্টিমিটার দৈর্ঘ্যের চুলের স্তূপ জমে যাওয়ায় পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্র পর্যন্ত অংশ পুরোপুরি বন্ধ হয়ে আছে। সেই কারণেই খাবার খেলেও তা ওই পথে যেতে পারছিল না। ফলে তার ওজন প্রায় ৩২ কেজি ওজন কমে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৭ বছরের ওই মেয়েটি আসলে জন্মগত একটি বিরল অসুখের শিকার। আর সেই অসুখের বশবর্তী হয়েই সে লুকিয়ে লুকিয়ে খেতে শুরু করেছিল নিজের চুল। আর তাতেই ঘটে এই বিপত্তি।

চিকিৎসকরা জানান, চুল যেহেতু হজম হয় না, তাই ওই মেয়েটির পেটের মধ্যে চুলগুলি জমে থাকছিল। বছরের পর বছর ধরে জমতে জমতে ক্রমশই জটিল হয়ে দাঁড়িয়েছিল পরিস্থিতি। অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় ছিল না।

এ প্রসঙ্গে বলরাম হাসপাতালের গ্যাস্ট্রো সার্জন ডা. সমাদ্দর বলেন, এটি এক ধরনের মানসিক সমস্যা। এ রোগ হলে রোগীরা নিজের চুল ছিঁড়ে খায় এবং অন্যের কাছ থেকে লুকিয়ে খায়। তিনি জানান, মেয়েটির অবস্থা একটু ভালো হলে তাকে সাইকোথেরাপি এবং সামাজিক থেরাপি দেওয়া হবে। পাশাপাশি তার বাবা-মাকেও মেয়ের এ অসুখের ব্যাপারে সকর্ত হওয়ার কথা বলেন চিকিৎসক ডা. সমাদ্দর।