কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তক্ষক উদ্ধার, গ্রেফতার ১

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
কুয়াকাটায় আবাসিক হোটেল পাঁচতারা থেকে সরিসৃপ প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় পগাপন সংবাদে ভিত্তিতে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পাচারকারী চক্রের ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা মোঃ কবির হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তক্ষক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ১০-১২ জনের ক্রয়-বিক্রয় ও মধ্যস্থতাকারী চক্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬জনকে আসামী করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত কবিরকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। তক্ষক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার সন্দেহে হোটেল মালিক হারুন হাওলাদারকে মহিপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌর শহরের আবাসিক হোটেলে পাঁচতারায় একটি চক্র বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় পায়তারা করছিল-এমন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই বেল্লাল, এসআই সাইদুলসহ পুলিশের একটি টিম পাঁচতারা হোটেলে অভিযান চালায়। অভিযানকালে ওই হোটেলের দ্বিতীয় তলায় বি-৬নং কক্ষ থেকে ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা কবিরের হেফাজতে থাকা গোলাপী রংঙের শপিং ব্যাগ থেকে ১৩.১ ইঞ্চি লম্বা এবং ১৪০ গ্রাম ওজনের একটি তক্ষক উদ্ধার করে। তক্ষক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত অন্য আসামীরা পুলিশের টের পেয়ে পালিয়ে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের অচিরেই গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন, হোটেল কর্তৃপক্ষ গেস্ট রেজিষ্ট্রারে জড়িতদের নাম যথাযথভাবে সংরক্ষণ না করায় এ চক্রের সাথে মালিক পক্ষের যোগসাজস থাকতে পারে।