কুয়াকাটায় চার কোটি ফাইস্যা রেনু জব্দ, আটক ৪

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গোসাগরে অভিযান চালিয়ে ট্রলারসহ প্রায় ৪ কোটি ফাইস্যা রেনু, ২০ হাজার মিটার জাল, ডিঙ্গি নৌকা ও ৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চর বিজয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নিদের্শক্রমে এসব মাছ বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই কামরুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা।

আটককৃত জেলেরা হলেন মজিবুর রহমান (৩০), আবু ছাইদ (৩৮), মাসুম বিল্লাহ (৩০), আবুল বসার (৩৫)। এদের সকলের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।

কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। উপকূলীয় এলাকায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।