কোয়ার্টার ফাইনালে ফিরছেন নেইমার-সানচেজ

স্পোর্টস ডেস্ক।।
কোপা আমেরিকায় শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরছেন নেইমার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন ব্রাজিলিয়ান প্রাণভোমরা। প্রতিপক্ষ চিলিও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারকা ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের ফেরায়। এতদিন কাফ মাসলের চোটে ভুগেছেন তিনি।

কোয়ার্টার ফাইনালে দু’দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গড়াবে শনিবার (০৩ জুলাই) ভোর ৬টায়। শেষ ম্যাচে নেইমারসহ বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ায় সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। ইকুয়েডরের সঙ্গে তারা ড্র করে ১-১ গোলে।

ব্রাজিল এবারের টুর্নামেন্টে স্পষ্ট ফেভারিট হলেও চিলি কম ভোগায়নি তাদের। ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে তাদের কঠিন পরীক্ষা নিয়েছিল। নির্ধারিত সময়ের ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। এক্সট্রা টাইমে চিলি প্রায় গোল পেয়েই যাচ্ছিল। কিন্তু শেষ মিনিটে পিনিল্লার শট গিয়ে লেগেছে বারে। পরে অবশ্য শুট আউটে চিলিকে ৩-২ গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল স্বাগতিক দল।

কোপায় দুইদল আবার মুখোমুখি হওয়ায় ওই ম্যাচের কথা ঘুরে ফিরে এলো আবার। ওই শুটআউটের মুহূর্তে নড়বড়ে হয়ে পড়েছিলেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। স্বাগতিকদের ছিটকে যাওয়ার শঙ্কায় কান্না করছিলেন তখন! সেই মুহূর্তের কথা উঠতেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেছেন, ‘আমি আসলে এমনটা করার জন্য প্রস্তুত ছিলাম না। তখন আমাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল। ওই ঘটনায় দীর্ঘ দিন আমার মন খারাপ ছিল। তবে বিষয়টা ছিল আমার জন্য অভিজ্ঞতা।’

এদিকে ৩ জয়ে ব্রাজিল ফেভারিট হলেও চিলি টুর্নামেন্টের শুরু থেকেই সংগ্রাম করে এগিয়েছে। গ্রুপ পর্বে তাদের জয় মাত্র একটিতে। সানচেজের অনুপস্থিতিও তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। তবে চিলি কোচ মার্তিন লেসার্তে বলেছেন, ব্রাজিলের বিপক্ষে সানচেজ শুরুতে থাকবেন নাকি পরে নামবেন, সেটি পরে জানানো হবে।

তবে চিলি কোচ বলেছেন, স্বাগতিকদের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে তার দল, ‘স্বাগতিকদের বিপক্ষে খেলাটা সব সময়ই কঠিন। আর ব্রাজিলও সম্ভাব্য সেরা দল হিসেবে প্রস্তুত হয়ে আছে। তাই আমাদেরও টুর্নামেন্টের সেরা ম্যাচটা উপহার দিতে হবে। আমরা ওদের ভালো-খারাপ বিশ্লেষণ করবো।’