ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক।।
টেস্ট ক্রিকেটে লিটন দাস বরাবরই ভালো। সেটাই যেন আরও একবার প্রমাণ করলেন এই উইকেটকিপার ব্যাটার। বাংলাদেশ যখন মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে, ঠিক তখনই অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে গড়ে তুললেন রেকর্ড জুটি। একই সঙ্গে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি।

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

মাত্র ৪৯ রানের মধ্যেই দলের প্রথম চার টপ অর্ডার ব্যাটারই আউট হয়ে ফিরে যান। সেখান থেকেই হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। দলকে বিপর্যয় থেকে উদ্ধার করার পাশাপাশি পঞ্চম উইকেট জুটিতে গড়েছেন রেকর্ড। চট্টগ্রামের মাঠে এখন সেরা জুটি তাদের। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লড়াই চালিয়ে যাচ্ছে তারা।

একই সঙ্গে দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে লিটন দাস তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। শতরান পূর্ণ করতে ১৯৯ বল মোকাবিলা করেছেন তিনি।