ক্যালিফোর্নিয়ার দাবানলে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের পরিসর আরো বিস্তৃত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকার খবরে জানা গেছে, দাবানলের পাশাপাশি রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় ১১ হাজার বজ্রপাতের ঘটনা ঘটেছে। গত এক দশকের বেশি সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ায় এত বেশি বজ্রপাতের ঘটনা আর ঘটেনি। এর ফলে প্রায় ১০৮৫ বর্গ মাইল এলাকা পুড়ে গেছে যা রাজ্যটির সবচেয়ে বড় শহর লস এঞ্জেলেসের প্রায় দ্বিগুন এলাকার সমান।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফায়ার (ক্যাল ফায়ার) পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২১ আগস্ট) সকাল পর্যন্ত সেখানে আগুনে ৫০০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। বজ্রপাতের ফলে এখন পর্যন্ত চারজন মারা গেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধস্ত হলে একজন পাইলট মারা যান। এছাড়া প্যাসিফিক ইলেকট্রিক গ্যাস কোম্পানির একজন কর্মীও মারা গেছেন।

দাবানল কবলিত এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। তিনি জানান, ক্যালিফোর্নিয়ায় গত কয়েক দিনে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফারেনহাইট এ যা ছিল ১৩০ ডিগ্রি বা প্রায় ৫৫ ডিগ্রি সেলসিয়াসের সমান।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রচন্ড বাতাস, অস্বাভাবিক তাপমাত্রা আর বাতাসে আদ্রতা কম থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।