ক্লান্ত শরীরে পানি চাইলো স্বামী, স্ত্রী দিলো বিষ

অনলাইন ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীকে হত্যা চেষ্টায় কাকলী খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। শুক্রবার দিনগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার সাড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রাত সাড়ে ১২ টার দিকে মাসুদ রানার মা মমতাজ খাতুন বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে কাকলী খাতুনের সাথে ৯ মাস আগে দামুড়হুদা উপজেলার সাড়াবাড়িয়া গ্রামের আব্দুল কাদের মন্ডলের ছেলে মাসুদের বিয়ে হয়। বিয়ের পরেই সাড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার উসমান মোল্লার ছেলে মুকুলের সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক তৈরি হয় কাকলীর। পরে কাকলী ও মুকুল মিলে মাসুদকে হত্যা করার পরিকল্পনা করে।

শুক্রবার দুপুরে মাসুদ কৃষিকাজ শেষে মাঠ থেকে বাড়ি ফিরে কাকলী খাতুনের কাছে এক গ্লাস পানি চায়। পরে স্যালাইনের সাথে ঘুমের ওষুধ ও বিষ মিশিয়ে স্বামী মাসুদকে হত্যার চেষ্টা করে কাকলী খাতুন। মুমূর্ষু অবস্থায় স্বামী মাসুদ রানাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, মাসুদের অবস্থা আশঙ্কাজনক। তাকে ৭ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, রাতে মাসুদ রানার মা বাদী হয়ে কাকলী ও মুকুলকে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে কাকলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছে কাকুলী খাতুন। আজ শনিবার বেলা ১১টায় কাকলী খাতুনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত পরিকল্পনাকারী প্রেমিক মুকুলকে ধরতে অভিযান চালানো হচ্ছে।