খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়িকা পপিকে, বিভিন্ন রকম গুঞ্জন

বিনোদন ডেস্ক।।
কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে। বেশ কয়েক মাস ধরেই পরিবার, বন্ধু, সহকর্মী, সংবাদকর্মী- কেউই তার খোঁজখবর পাচ্ছেন না। তার নামে বিভিন্ন রকম গুঞ্জন শোনা গেলেও তার অবস্থান জানেন না কেউ।

শোনা যাচ্ছে পপি এক ব্যবসায়ীকে বিয়ে করে গোপনে সংসার করছেন।

এ বিষয়ে জানতে ও তিনি কোথায় আছেন সে ব্যাপারে নিশ্চিত হতে পপির মুঠোফোনে যোগাযোগ করেও কোনো সাড়া মিলছে না।

পপির পরিবারের লোকজনের সাথে কথা বললে তারাও কোনো তথ্য দিতে পারেননি। তারা জানান, তাদের কাছেও পপির কোনো তথ্য নেই। অনেক দিন যোগাযোগ করেন না পপি।

কিন্তু একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর হঠাৎ এভাবে নিখোঁজ হওয়ায় উদ্বেগ বাড়ছে চলচ্চিত্রপাড়ায়। তার কিছু কাজ আটকে আছে। এ নিয়ে যেমন বিপাকে আছে কিছু নির্মাতা-প্রযোজক; পাশাপাশি পপির খোঁজ না মেলাটাও সবাইকে ভাবাচ্ছে। উঠছে প্রশ্নও, একজন প্রথম সারির নায়িকা কোথায় উধাও হয়ে গেলেন!

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের কাছেও পপির খোঁজ জানতে চাওয়া হয়। এ অভিনেতাও কোনো তথ্য দিতে পারেননি। তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘সাংবাদিকদের সাথেই তো শিল্পীদের ভালো সম্পর্ক থাকে। তারাই তো বলতে পারে পপি কোথা্য় আছে। কি করছে। আমরা তার যখন করোনা হয়েছিল তখন যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম। কিন্তু তার সাড়া পাইনি।’

অনেকের মতে হয়তো কোনো কারণে বা অভিমানে গাঢাকা দিয়েছেন পপি। সময় হলেই ফিরে আসবেন। শুরু করবেন বাকি থাকা কাজও।