খুনের হুমকি পেলেন শামির স্ত্রী

স্পোর্টস ডেস্ক।।

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের দুরত্বের কথা বহুল চর্চিত একটি বিষয়। এই ফাস্ট বোলারের সঙ্গে বিবাদ প্রকাশ্যে আসার পর অনেকেই তাকে গাল-মন্দ করেছেন, আবার কেউ কেউ তাকে সবকিছু আগের মতো করে নিতে পরামর্শ দিয়েছেন। কিন্তু এবার সরাসরি ধর্ষণ ও খুনের হুমকি পেয়েছেন হাসিন।

এমনিতেই বেশ বিতর্কিত এক চরিত্র হাসিন জাহান। নাইট ক্লাবে যাওয়া, খোলামেলা পোশাক পরা, প্রকাশ্যে নাচ-গান করা এমন অনেক কারণেই নেটিজেনরা তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে থাকেন। তবে আগে কখনো খুনের হুমকি পাননি তিনি।

কিছুদিন আগে রাম মন্দিরের ভূমি পুজোর দিনে একটি পোস্ট করেছিলেন হাসিন। সেই পোস্টে কোনো অমূলক বা অনৈতিক শব্দ ছিল না। এছাড়া কোনোরকম ধর্মীয় উস্কানিও ছিল না আলোচ্য পোস্টে। বরং সেখানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন হাসিন। রাম মন্দির নির্মাণ করায় হিন্দু সমাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন তিনি।

তবে একজন মুসলিম নারী হয়ে হিন্দুদের রাম মন্দির নির্মাণের জন্য হাসিনের অভিনন্দনবার্তা অনেকেই মেনে নিতে পারেননি। ফলে সেটা নিয়ে প্রশ্ন তোলে কিছু মৌলবাদী! প্রথমে বেশ কিছু কট্টরপন্থী হাসিনকে গালিগালাজ করে। একপর্যায়ে ভারতের তারকা ক্রিকেটারের স্ত্রীকে ধর্ষণ ও খুনের হুমকি দিতে শুরু করে তারা।

এর আগে প্রচুর নেতিবাচক কথার শিকার হলেও নিজের মতো করেই চলেছেন হাসিন। তবে এবারের হুমকিতে বেশ ভয় পেয়েছেন তিনি। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য প্রার্থনা করেছেন হাসিন। এমন ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।