খুলনা বিভাগে করোনায় আরও ৪৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
খুলনা বিভাগে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪৬ জন মারা গেছেন।
একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৭২ জন। শনিবার (১০ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (০৯ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জন করোনায় মারা যান। যা এখন পর্যন্ত বিভাগে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১০ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে চার জন, মেহেরপুরে ও নড়াইলে দু’জন করে চারজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৯৫৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ২৫২ জন।