গভীরসাগরে মাছ ধরা ট্রলারে হামলা-লুট: আহত ১৬

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এফবি মা-বাবার দোয়া নামে একটি মাছ ধরার ট্রলারে হামলা চালানোর অভিযোগ। গভীর সমুদ্রে মাছ ধরা এফভি সালমান-৩ নামে একটি ট্রলিং জাহাজের বিরুদ্ধে এ অভিযোগ জেলেদের। এ হামলায় ট্রলারটির অন্তত ১৬ জেলে আহত হয়েছেন।

এ সময় হামলাকারীরা ফিশিং ট্রলার থেকে অন্তত ৫ লাখ টাকার জাল এবং নগদ ৫০ হাজার টাকার মাছ লুট করা হয়েছে। গভীর সমুদ্র থেকে ফিরে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এফবি মা-বাবার দোয়া ট্রলারের মালিক ও মাঝি মো. ফিরোজ মিয়া সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এর আগে গত ২৯ এপ্রিল রাত ৮ টার দিকে গভীর সমুদ্রে হামলার এ ঘটনাটি ঘটেছে।

এফবি মা-বাবার দোয়া ট্রলারের মালিক ফিরোজ মিয়া বলেন, আমি এই হামলার বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘাটে এসে জেলেরা তাদের ওপর হামলার ঘটনা জানিয়েছেন। আমরা তাৎক্ষণিক ওই মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলতে পারিনি। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের ট্রলার মালিক সমিতি ও ফিশিং ভেসেল মালিক সমিতির সাথেও যোগাযোগের চেষ্টা করছি।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেন নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।