গভীর সমুদ্রে ডুবন্ত জাহাজের সাথে ধাক্কায় ট্রলার ডুবি, ২৫ জেলে উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী)॥
পায়রা বন্দরের বাইরে দ্বিতীয় বয়া সংলগ্ন গভীর সমুদ্রে ২৫ জেলেসহ একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনাটি ঘটেছে। এসময় নিকটবর্তী থাকা অপর একটি মাছ ধরা ট্রলার ২৫ জেলের সবাইকে উদ্ধার করতে সক্ষম হলেও ট্রলার এবং মাছ শিকারের সরঞ্জাম জালসহ অন্য কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার দুপুরে মৎস্য বন্দর আলীপুর ঘাটে উদ্ধারকারী ট্রলারটি জেলেদের নিয়ে পৌঁছালে এসব তথ্য জানা যায়।

দুর্ঘটনার শিকার হওয়া চট্টগ্রামের বাশখালীর এফবি হাজী আনোয়ার নামে ওই ট্রলারের মাঝী (জেলে) মোঃ হোচেন জানান, রবিবার মহিপুর থেকে ইলিশ শিকারের উদ্দেশ্যে ২৫ জেলেকে নিয়ে ট্রলারটি সাগরে যায়। পায়রা বন্দরের বাইরে দ্বিতীয় বয়া বরাবর ট্রলারটি সোমবার রাত ৯টার দিকে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এসময় কোন কিছুর উপর উঠে যাওয়ার মত একটি বিকট শব্দ হয় এবং ট্রলারের তলা ফেটে গিয়ে মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়। তাদের অনতি দূরে থাকা অপর একটি মাছ ধরা ট্রলারের জেলেদের বিষয়টি নজরে এলে অল্প সময়ের মধ্যে ভাসমান জেলেদের উদ্ধারে সক্ষম হয়। এরপর ট্রলারটি তীরে নিয়ে আসার প্রচেষ্টা চালান সত্ত্বেও সাগর উত্তাল থাকায় সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। ট্রলারটির তত্ত্বাবধানকারী আলীপুরের (আড়ৎদার) খান ফিসের মালিক আঃ রহিম খান দাবি করেন, ২০২০ সালে পায়রা বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনারবাহী জাহাজ পায়রা বন্দরের দ্বিতীয় বয়া সংলগ্ন সমুদ্রে নিমজ্জিত হয়। সেখানে দুর্ঘটনা প্রবন এলাকা হিসেবে চিহ্নিত বয়া না থাকায় জেলেরা ভুল ক্রমে যাওয়ায় সেখানে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়েছে।