গলাচিপায় আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে।

রোববার (২৮ মার্চ) দুপুরে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বহিস্কার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো জানান, কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা অংশ গ্রহন করছে তাদেরকে সংগঠনের শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম গাউস তালুকদার নিপু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো.আনোয়ার হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.মিজানুর রহমান, আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মো.দেলোয়ার হোসেন হাওলাদার।

গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম গাউস তালুকদার নিপু জানান, আমি স্বাস্থ্যগত কারণে আনেক আগেই দলের পদ থেকে পদত্যাগ করেছি।