গলাচিপায় আন্তঃজেলা সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি।।
গলাচিপায় আন্তঃজেলা সীমানা নির্ধারণ, সীমান্তে ভূমি দস্যুদের সন্ত্রাসী হামলা বন্ধ, নিহত আবুল কাশেম মৃধা হত্যা মামলায় আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলি, সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশে চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা, শিক্ষক আবু বকর হাওলাদার, সাবেক ইউ/পি সদস্য মজিবুর রহমান সিকদার, সমাজসেবক বাকের বিশ্বাস, মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশে সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিন, আওয়ামী লীগ নেতা সর্দার মো. শাহ আলম, মাইনুল ইসলাম রনো, মামুন আজাদ।

বক্তারা প্রশাসনের কাছে আরএস ম্যাপ অনুযায়ী আন্তঃজেলা সীমানা নির্ধারণ, সীমান্তে হামলা বন্ধ ও দ্রুত সময়ে হত্যা মামলার বিচার দাবী করেন। উল্লেখ্য গত ২১অক্টোবর চরফ্যাসনের ভূমিদস্যুদের সন্ত্রাসী হামলা চর বিশ্বাসের ১জন কৃষক নিহত ও ১৫জন আহত হয়।