গানবাজনায় ঢেকে যায় ধর্ষণের শিকার কিশোরীর আর্তচিৎকার

অনলাইন ডেস্ক।।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার থেকে জানা যায়, তুলে নিয়ে যাওয়ার পর স্থানীয় একটি পরিত্যক্ত বাসায় নিয়ে গণধর্ষণ এবং ভিডিও ধারণ করে দুই কিশোর। এ সময় মেয়েটি চিৎকার করলেও পাশের বিয়েবাড়িতে গান বাজার কারণে কেউ সেই চিৎকার শুনতে পারেনি। পরে ওই কিশোরীকে সেখানেই ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। জ্ঞান ফিরে আসলে সেখান থেকে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিস্তারিত জানায় সে।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে হাসপাতালে নেয়ার সময় বাধা দেয় অভিযুক্ত দুই কিশোরসহ তাদের আত্নীয়-স্বজনেরা। এ সময় ওই শিক্ষার্থীর মা, বড় বোন ও দুলাভাই অভিযুক্ত কিশোর ও তাদের পরিবারের কাছে মারধরের শিকার হন। পরে কিশোরীর বড় বোন ৯৯৯-এ ফোন দিলে গজারিয়া থানা পুলিশের একটি দল এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, ভুক্তভোগী কিশোরীর মা শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাদী হয়ে দু’জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের পরিবারের তিন সদস্যকে থানায় আনা হয়েছে।