গৌরনদীতে অনেকবার শারিরিক সম্পর্ক করেও বিয়ে না করায় রাব্বির বাড়িতে প্রেমিকার আত্মহত্যা

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
প্রেমিককে অন্যত্র বিয়ে করানোর জন্য পাত্রী খোঁজা শুরু করলে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে ফারজানা আক্তার নামের এক কলেজ ছাত্রী। ওই কলেজ ছাত্রী উপজেলার নলচিড়া গ্রামের আদম আলী কন্যা। সে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী ছিলো। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ মে) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামে।

কলেজ ছাত্রীর স্বজনরা জানান, গত দুই বছর পূর্বে একই উপজেলার পশ্চিম বেজহার গ্রামের মোস্তফা সিকদারের পুত্র রাব্বি সিকদারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কলেজ ছাত্রী ফারজানার। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় কলেজ ছাত্রী ফারজানার সাথে শারিরিক সম্পর্কে লিপ্ত হয় প্রেমিক রাব্বি। গত কয়েকমাস পূর্বে প্রেমিক রাব্বির বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করে ফারজানা। সে সময় প্রেমিক রাব্বির পরিবারের সদস্যরা তাদের (ফারজানা-রাব্বির) সামাজিকভাবে বিয়ে দেয়ার আশ্বাস দিলে তখন সে (ফারজানা) প্রেমিক রাব্বির বাড়ি ত্যাগ করে।

নিহতের স্বজনরা আরও জানান, বুধবার (১৯ মে) সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় তার কন্যা ফারজানা। দুপুরে রাব্বির পিতার মাধ্যমে তিনি (আদম আলী) জানতে পারেন রাব্বির পশ্চিম বেজহার গ্রামের বাড়িতে গিয়েছে ফারজানা।

বিকেলে রাব্বির পরিবারের সদস্যদের অত্যাচার সইতে না পেরে প্রেমিক রাব্বির বাড়িতে বসে বিষপান করে ফারজানা। পরে প্রেমিকের পরিবারের সদস্যরা তাকে (ছাত্রী) উপজেলা হাসপাতালে ভর্তি করেন। রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হলে রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার (ফারজানা) মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।