গৌরনদীতে ইতালী প্রবাসীর সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ইতালী প্রবাসী আঃ লতিফ বেপারী ও তার অন্যান্য ওয়ারিশের প্রায় কোটি টাকা মূল্যের সম্পত্তি স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতা জোর দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গৌরনদী উপজেলা সদরের সুন্দরদী মৌজাধীন টরকী বন্দরস্থ ইতালী প্রবাসী আব্দুল লতিফ বেপারী ও তার সহোদররা অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও টরকী বন্দর বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ শাহজাহান শরীফ একদল সন্ত্রাসীদের নিয়ে আমাদের টরকী বন্দরস্থ বাসভবনের পেছনের পৈত্রিক সম্পত্তির ১০ শতক নিচু জমি দখলের উদ্দেশ্যে আসে। আমরা বাঁধা দিলে তারা আমাদের ভয়ভীতি প্রদানসহ হুমকি প্রদান করেন।

এ ঘটনায় ইতালী প্রবাসী আঃ লতিফ বেপারী মঙ্গলবার রাতে ১৪ ডিসেম্বর গৌরনদী মডেল থানায় তিন জনকে বিবাদী একটি সাধারণ ডায়েরী করেন।