গৌরনদীতে কাভার্ড ভ্যান-ট্রলি সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ৩

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর কবিবাড়ি ব্রিজ নামক স্থানে কাভার্ড ভ্যান ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রলি চালক আজিজুল সরদার (২২) নিহত হয়েছেন। অপর তিনজন গুরুতর আহত হয়েছে।

গুরুতর আহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আজিজুল উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুব ইসলাম জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা দশটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর কবি বাড়ির সামনে বরিশালগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৫-৪৫৩৯) একটি মোটর সাইকেলের আরোহীদের বাচাতে গিয়ে সামনে থেকে নম্বরবিহীন ট্রলি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যান ও ট্রলির সম্মুখ ভাগ দুমড়ে মুচরে যায়।

ঘটনাস্থলেই ট্রলির চালক আজিজুল সরদার নিহত ও ট্রলির হেলপার রবিউল ফকির ও মোটরসাইকেলের আরোহী টিপু ফরাজী (৪৫) ও তার সহদোর জিসান ফরাজী (১১) গুরুতর আহত হয়। হাইওয়ে পুলিশ দূঘর্টনা কবলিত কাভার্ড ভ্যান ও ট্রলি আটক করেছে। কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে।