গৌরনদীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কলেজ ছাত্র আটক

গৌরনদী প্রতিনিধি॥
ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার স্ট্যাটাস দেয়ার অভিযোগে দীপ্ত সরকার নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৫ এপ্রিল) রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত দীপ্ত ওই এলাকার দুলাল সরকারের পুত্র।

গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানিয়েছেন, দীপ্ত সরকার নামের এক কলেজ ছাত্র তার ফেইসবুক আইডিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নানা মন্তব্য করে। এর প্রতিবাদে স্থানীয় মুসুল্লীরা সোমবার রাতে ওই যুবকের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দীপ্তকে আটক করা হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।