গৌরনদীতে নয় দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্রীর

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
রহস্যজনকভাবে নিখোঁজের নয়দিন পরেও সন্ধান মেলেনি জেলার গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী নিপা হালদারের (১২)। উল্টো অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে নিখোঁজ ছাত্রীর পরিবারের কাছে টাকা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২১ নভেম্বর) সকালে ওই ছাত্রীর বাবা নিলকান্ত হালদার জানান, গত ১৩ নবেম্বর সকালে তার মেয়ে নিপা হালদার স্কুলে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি।

এ ব্যাপারে গৌরনদী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরী করা হয়েছে। তিনি আরও জানান, গত ১৯ নবেম্বর সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি (০১৮২০-১০১৩৪৩) নাম্বারে মোবাইল ফোন থেকে তার ভাগ্নে সৌরভ বিশ্বাসের মোবাইলে ফোন করে নিজেকে রংপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) এমাদুল হক পরিচয় দিয়ে বলেন, নিপাকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পাওয়া গেছে। এসময় এক যুবককে আটক করে থানায় রাখা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নিপাকে উদ্ধার করে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি ভিত্তিতে নিপার অপারেশনের জন্য প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন। অপারেশন জন্য জরুরি ভিত্তিতে টাকা পাঠাতে বলেন।