গৌরনদীতে শাশুরীর বিরুদ্ধে চুল কেটে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
রাতের আধারে ঘুমন্ত পুত্রবধুর মাথার চুল কেটে দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক পাষন্ড শাশুরী ও তার অপর পুত্রবধুর বিরুদ্ধে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী গ্রামের।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে নির্যাতিতা গৃহবধু জানান, ২০২০ সালে ২৭ জুন বার্থী গ্রামের মৃত খশরু মাঝির পুত্র বাপ্পির মাঝি (২২) তাকে (নির্যাতিতা) বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।

এ ঘটনায় সে অন্তঃসত্ত্বা হয়ে পরলে বাপ্পি মাঝির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলা থেকে রেহাই পেতে পাঁচ লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে ধর্ষক বাপ্পির সাথে তার বিয়ে হয়। এরইমধ্যে ওই গৃহবধূ একটি পুত্র সন্তান লাভ করেন। পরে শিশু সন্তান নিয়ে স্বামী বাপ্পি মাঝির বাড়িতেই অবস্থান করছিলো সে (গৃহবধু)।

ওই গৃহবধু আরও জানান, শুরু থেকেই স্বামীর বাড়িতে অবস্থান করার বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছিলোনা শাশুরি র্ঝনা বেগম ও স্বামী বাপ্পি মাঝির বড় ভাইয়ের স্ত্রী মিমি আক্তার। তারই ধারাবাহিকতায় তাকে (গৃহবধু) বিভিন্ন ভাবে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো।

কান্নাজড়িত কন্ঠে ওই গৃহবধু জানান, গত এক মাস পূর্বে রাতে একই বসতঘরের আলাদা রুমে সে (গৃহবধু) ঘুমিয়ে পরে। ওই রাতেই ঘুমন্ত অবস্থায় শাশুরী ঝর্না বেগম এবং জা মিমি আক্তার তার (গৃহবধু) পুরো মাথার চুল ছোট করে কেটে দেয়। এ ঘটনার পর থেকে তার স্বামী বাপ্পী মাঝিও পলাতক রয়েছে। বর্তমানে সে (গৃহবধু) বার্থী ইউনিয়নের গাইনেরপাড় এলাকায় মামা বাড়িতে আশ্রিত রয়েছেন বলেও উল্লেখ করেন। তবে ওই গৃহবধুর শাশুরী ঝর্না বেগম ও তার জা মিমি আক্তার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন অস্বীকার করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে।