গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলায় বাস ও থ্রি হুইলারের (মাহিন্দ্রা) সংঘর্ষে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় থ্রি হুইলারের চালক ও এক যাত্রী আহত হয়েছেন। বুধবার (১২ মে) সকালে উপজেলার আশোকাঠি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- ঝালকাঠির কাঠালিয়া থানাধীন এলাকার বাসিন্দা আলামিন (৩২) ও বরিশালের বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকার বাসিন্দা রাকিবুল হাসান (৩৪)।

নিহত দুজনের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রামে একটি গার্মেন্টস চাকরি করতেন নিহত ও আহত যাত্রীরা। ঈদের ছুটি কাটাতে বিভিন্ন পথে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন তারা। মাদারীপুর থেকে মাহিন্দ্রায় বরিশালে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, বাসটি বরিশাল থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিলো আর মাহিন্দ্রাটি বরিশালের দিকে যাচ্ছিলো। এ সময় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রার ওই দুই যাত্রী নিহত হন।

তিনি জানান, মাহিন্দ্রা চালকসহ বরিশালের বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকার ফোরকান নামে অপর এক যাত্রী আহত হয়েছেন। তবে চালককে না পাওয়া গেলেও আহত ফোরকানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।