ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল: বরগুনায় এলজিইডির চাকরিচ্যুত ১, বরখাস্ত ২

গোলাম কিবরিয়া, বরগুনা।।
ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক কর্মকর্তাকে চাকরিচ্যুত ও দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

রবিবার (২৯ আগস্ট) দুপুরে বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

এ চাকরিচ্যুত কর্মকর্তা হলেন, বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মেকানিক্যাল ফোরম্যান মো. জিয়াউর রহমান। সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তারা হলেন, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব রক্ষক মো. হুমায়ুন কবির।

এ বিষয়ে বরগুনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার রায় অনুযায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।