চরমোনাইর মাহফিলে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক॥
ফরিদুপর থেকে বরিশালে এসে সড়ক দুর্ঘটনায় শরীফ শেখের পর অপর মোটরসাইকেল আরোহী আহত আলামিন (২১) এরও মৃত্যু হয়েছে। বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

শুক্রবার (২৬ ফেব্রয়ারি) বেলা আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই নাজমুল হুদা।

এর আগে সকাল ১০ টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে শরীফ শেখ(২০) ও একই এলাকার মোঃ ইউনুসের ছেলে আলামিন(২১) গুরুত্বর আহত হয়।

তাদের স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শরীফ শেখকে মৃত ঘোষনা করেন এবং আহত আলামিনকে চিকিৎসার জন্য ভর্তি করেন। আলামিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা। পথিমধ্যে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, শরীফ ও আলামিন মোটরসাইকেল যোগে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের চরমোনাই এর মাহফিলস্থলে জুমআর নামাজ আদায়ের জন্য আসছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক সহ চালক ইয়ার উদ্দিন ও হেলপার রেজাউল করিমকে পুলিশ আটক করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও পুলিশ জব্দ করে।

অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।