চসিক নির্বাচন: সহিংসতায় নিহত-১

অনলাইন ডেস্ক।।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আলম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনি সহিংসতার সময় গুলিতে আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান এ তথ্য নিশ্চিত নিশ্চিত করেছেন।

২৮ বছর বয়সী আলম কুমিল্লা জেলার মৃত সোলতান মিয়ার ছেলে। নগরের আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

জানা যায়, ১৩ নম্বর ওয়ার্ডের ইউসেপ স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমানের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আলম মিয়া আহত হন।

এর আগে, লালখান বাজার শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত তিন জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল ও বিদ্রোহী এফ কবির আহমেদ মানিকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষই ইট-পাটকেল ছুড়ে একে অন্যকে ঘায়েলের চেষ্টা চালায়। এসময় অন্তত তিন জন আহত হন।